শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের
শক্তি বাড়িয়ে ‘অর্ণব’ এখন অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। তার শক্তিবৃদ্ধির বড়সড় প্রভাব পড়তে চলেছে রেল পরিষেবায়। যাত্রী সুরক্ষার কথা ভেবে ২৭ ও ২৮ অক্টোবর কয়েকটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি হাওড়া-জগদ্দলপুর এবং রৌরকেলা-জগদলপুর রুটের চারটি ট্রেন চালানো সাময়িক ভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। এই ট্রেনগুলির কয়েকটি নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার, ২৭ অক্টোবর, দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর ফলে হাওড়া-জগদলপুর এবং রৌরকেলা-জগদলপুর রুটের যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে।

রেল সূত্রে খবর, হাওড়া থেকে চারটি ট্রেন বাতিল করা হয়েছে। কোনও ট্রেন ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। আবার কোনও ট্রেন ৫ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮১০৭ রাউরকেলা-জগদলপুর এক্সপ্রেস ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। অন্যদিকে, ১৮১০৮ জগদলপুর-রাউরকেলা এক্সপ্রেস ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে না। এছাড়াও, ১৮০০৫ হাওড়া-জগদলপুর এক্সপ্রেস ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। একইভাবে ১৮০০৬ জগদলপুর-হাওড়া এক্সপ্রেস ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে না। ১৮১০৭ রৌরকেলা-জগদলপুর এক্সপ্রেস ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে না, ১৮১০৮ জগদলপুর-রৌরকেলা এক্সপ্রেস ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে না। ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়তে পারেন ওই রুটের যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু এই চারটি ট্রেনই নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের একাধিক রুটেও ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, মছলিপট্টনম, নারসাপুর, ভীমাভরম, কাঁকিনাড়া পোর্ট, গুন্টুর এবং বিশাখাপত্তনমের সঙ্গে সংযোগকারী বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ২৭ ও ২৮ অক্টোবর মোট ৫৩টি ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। কিছু ট্রেন দু’দিনই বাতিল, আবার কয়েকটির পরিষেবা বন্ধ থাকবে নির্দিষ্ট একটি দিনে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। ২৮ অক্টোবর, বুধবার অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে সেটি। ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওডিশা, তেলঙ্গানা-সহ একাধিক রাজ্যে। এই পরিস্থিতিতে রেল চলাচল নিরাপদ রাখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারও আগাম প্রস্তুতি সেরে রেখেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজের জন্য সেনা, নৌসেনা, বায়ুসেনা এবং উপকূলরক্ষী বাহিনীকেও তৈরি থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও ২৯ ও ৩০ অক্টোবর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙে ধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা, হাওড়া ও হুগলি-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা সর্বোচ্চ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

রেলের তরফে যাত্রীদের যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের স্ট্যাটাস যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত হাওড়া-জগদলপুর ও রৌরকেলা-জগদলপুর রুটে যাঁদের টিকিট কাটা রয়েছে, তাঁদের ট্রেন বাতিলের তারিখ চেক করে নেওয়ার অনুরোধ করেছেন রেল কর্তৃপক্ষ। ট্রেনের বর্তমান অবস্থান ও পরিষেবা সংক্রান্ত তথ্যের জন্য রেলের সরকারি ওয়েবসাইট অথবা ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেম (NTES) চেক করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি অনুযায়ী রেলের পরবর্তী নির্দেশিকাতেও নজর রাখা জরুরি।