পানিহাটিতে বামেদের শক্তি প্রদর্শন, যৌথ জনসভায় আক্রমণাত্মক সুর সেলিম–কারাতের
ভোটের আগে পানিহাটি ও খরদাহ বিধানসভা কেন্দ্র জুড়ে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষিতে পানিহাটি অমরাবতী মাঠে সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত (পানিহাটি) এবং দেবজ্যোতি দাস (খরদাহ)-এর সমর্থনে অনুষ্ঠিত হল বামফ্রন্টের এক বৃহৎ যৌথ নির্বাচনী জনসভা।
এই জনসভায় সভাপতিত্ব করেন পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতা দুলাল চক্রবর্তী। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক তথা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম এবং সিপিআইএমের সর্বভারতীয় নেত্রী বৃন্দা কারাত।
সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন বক্তারা। তাঁদের বক্তব্যে উঠে আসে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শিল্পহীনতা সহ বিভিন্ন জনজীবনের সমস্যা। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিপিআই নেতা সৈকত গিরি, আরএসপি নেতা পঙ্কজ দাস, ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়। দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থী কলতান দাশগুপ্ত ও দেবজ্যোতি দাসও নিজেদের বক্তব্যে ভোটারদের সমর্থন কামনা করেন।
পানিহাটি বিধানসভার অন্যতম নেতা অনির্বাণ ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য আত্রি গুহ এবং উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ঝন্টু মজুমদার-সহ অন্যান্য বাম নেতৃত্ব।
জনসভায় উল্লেখযোগ্য সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা বাম শিবিরে নির্বাচনের আগে নতুন উদ্দীপনা জোগাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
(নির্বাচন সংক্রান্ত আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে)