জগদ্দল কেন্দ্রে রাজনৈতিক তরজা তুঙ্গে, অভিযোগ–পাল্টা অভিযোগে সরগরম ভোটের ময়দান
উত্তর ২৪ পরগনা, ব্যুরো রিপোর্ট:
জগদ্দল বিধানসভা কেন্দ্রে ভোটের আগেই চরমে উঠেছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমনাথ শ্যামের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার। তাঁর দাবি, সমস্ত অভিযোগই তিনি প্রমাণ-সহ তুলে ধরছেন এবং একটি তথাকথিত ‘লাল ফাইল’-এর মাধ্যমে এই তথ্য সামনে এনেছেন।
রাজেশ কুমারের অভিযোগ, সোমনাথ শ্যাম বিভিন্ন সময়ে নিজের পদ ব্যবহার করে একাধিক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করেছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বেআইনি ব্যবসার অভিযোগও তোলেন বিজেপি প্রার্থী। এমনকি, সিবিআই তদন্তের হাত থেকে বাঁচতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন রাজেশ কুমার।
অন্যদিকে, এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সোমনাথ শ্যাম। তাঁর বক্তব্য, রাজেশ কুমারের কোনও নির্দিষ্ট ব্যবসা নেই এবং তিনি বর্তমানে ভাড়াবাড়িতে থাকেন। পাল্টা আক্রমণে সোমনাথ শ্যাম প্রশ্ন তোলেন রাজেশ কুমারের পদবী ও পরিচয় নিয়েও।
পাল্টা জবাবে রাজেশ কুমার বলেন, তিনি দীর্ঘদিন রাজ্যে চাকরি করেছেন এবং সেই সময় রাজ্যের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের পরিচয় প্রসঙ্গে তিনি জানান, ‘রাজেশ কুমার’ নামেই তিনি এতদিন সরকারি চাকরি করেছেন। এছাড়াও, পলিউশন দপ্তর সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ওই দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সেই প্রশ্ন তাঁর দিকেই তোলা উচিত।
এই রাজনৈতিক তরজার মধ্যেই সোমনাথ শ্যাম জানিয়েছেন, চার তারিখের পর তিনি এই ‘লাল ফাইল’ নিয়ে আদালতের দ্বারস্থ হবেন। ফলে, ভোটের আগে এই বিতর্ক নতুন মোড় নিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।