ভাঙড়ে ফের তাজা বোমা উদ্ধার, তৃণমূল–আইএসএফ চাপানউতোরে উত্তপ্ত এলাকা
ভাঙড় বিধানসভা এলাকায় ফের তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গতকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার আবারও উত্তর কাশীপুর থানার অন্তর্গত ছেলেগোয়ালিয়া এলাকায় এই উদ্ধার ঘিরে উত্তেজনা তৈরি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ একটি তৃণমূল কর্মীর বাড়ির পিছনের বাগানে তল্লাশি চালায়। সেখান থেকে একটি ব্যাগের ভিতর থেকে মোট ৯টি তাজা বোমা উদ্ধার করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে তৃণমূল কর্মীরাই বোমা মজুত করে রেখেছিল। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাদের দাবি, দলকে বদনাম করার জন্য আইএসএফ কর্মীরাই রাতের অন্ধকারে বোমা রেখে গিয়েছে এবং তার দায় তৃণমূলের উপর চাপানোর চেষ্টা করছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।