হাবড়ায় তৃণমূলের ডিসপ্লে প্রচার ঘিরে উত্তেজনা, কমিশনের নির্দেশে বন্ধ—মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
ভোটের আবহে উত্তর ২৪ পরগনার হাবড়ায় তৃণমূল কংগ্রেসের ডিসপ্লে প্রচারকে কেন্দ্র করে শনিবার রাতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হাবরা থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। রাতের হাবরা স্টেশন চত্বর কার্যত রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবরা রেল স্টেশনের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ ডিসপ্লে প্রচার গাড়ির মাধ্যমে নির্বাচনী প্রচার চালানো হচ্ছিল। ওই গাড়িতে বড় স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন প্রচারমূলক ভিডিও ও বক্তব্য সম্প্রচার করা হচ্ছিল। অভিযোগ, সেই প্রচারে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল-কে লক্ষ্য করে একাধিক আপত্তিকর মন্তব্য তুলে ধরা হয়।
বিষয়টি সামনে আসতেই বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রাথমিক পর্যবেক্ষণের পর তৃণমূলের ওই ডিসপ্লে প্রচার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন।
তবে কমিশনের সেই নির্দেশ মানতে প্রথমে অস্বীকার করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাদের দাবি, বিজেপির পক্ষ থেকেও তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক-কে নিয়ে কুরুচিকর প্রচার চালানো হচ্ছে, অথচ সেই বিষয়ে কমিশন কোনও পদক্ষেপ করছে না।
এই ঘটনাকে কেন্দ্র করে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ মোতায়েন করা হয় এবং অতিরিক্ত নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী নামানো হয়।
দীর্ঘক্ষণ আলোচনা ও বাকবিতণ্ডার পর শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পুলিশ তৃণমূলের ওই ডিসপ্লে প্রচার সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।