মিও আমোরে মছলন্দপুরের আউটলেটে ফাঙ্গাস ধরা খাবার বিক্রির অভিযোগ, দোকান সাময়িকভাবে বন্ধ করল পুলিশ
উত্তর ২৪ পরগনা: গোবরডাঙা থানার মছলন্দপুরে একটি মিও আমোরে আউটলেটের বিরুদ্ধে বাসি ও ফাঙ্গাস ধরা খাবার বিক্রির অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দোকান চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মছলন্দপুর ফাঁড়ির পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গোবরডাঙার নকপুল ফার্ম গেটের মাঠে একটি দিবারাত্রি মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের জন্য সংশ্লিষ্ট আউটলেট থেকে মোট ২০ প্যাকেট টিফিন কেনেন আয়োজকেরা।

অভিযোগ, অতিথিদের মধ্যে ১৮টি প্যাকেট বিতরণ করার পর অবশিষ্ট দু’টি প্যাকেট ক্লাবের সদস্যেরা ভাগ করে খেতে যান। সেই সময় খাবারের ভিতরে ফাঙ্গাস দেখতে পান বলে তাঁদের দাবি। এরপর বিল এবং সংশ্লিষ্ট খাবারের প্যাকেট নিয়ে তাঁরা আউটলেটে গিয়ে অভিযোগ জানান। ক্লাব সদস্যদের অভিযোগ, প্রথমে দোকানের কর্মীরা বিষয়টি স্বীকার করতে চাননি। কর্মীদের দাবি ছিল, আউটলেটে প্রতিদিন পুরনো স্টক বদলে নতুন খাবার রাখা হয়। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হলে দোকানের সামনে ভিড় জমে যায়।
অভিযোগকারীদের দাবি, খবর দেওয়ার পরেও প্রায় দু’ঘণ্টা দোকানের মালিক ঘটনাস্থলে না আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে মছলন্দপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে দোকানের ভিতর থেকে সবাইকে বাইরে বার করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আউটলেটটিতে সাময়িকভাবে তালা ঝুলিয়ে দেওয়া হয় পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে।

দোকানের এক কর্মী জানিয়েছেন, আউটলেটে ফাস্ট ফুড বাইরে থেকে প্যাকেটবন্দি অবস্থায় আসে এবং সেগুলিই বিক্রি করা হয়; সংশ্লিষ্ট খাবার দোকানে তৈরি হয় না। তবে খাবারে সত্যিই ফাঙ্গাস ছিল কি না, তা খাদ্য নমুনা পরীক্ষা না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।