বিহার টু বেঙ্গল, বক্সার জঙ্গলে নতুন অতিথি
বিহার টু বেঙ্গল, বায়ুসেনার কপ্টারে বক্সার জঙ্গলে নতুন অতিথি। বক্সায় নতুন অধ্যায়, বিহার থেকে এল বাঘিনী। পশ্চিমবঙ্গের প্রথম পরিকল্পিত টাইগার রিলোকেশন প্রকল্পের অংশ হিসেবে বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে একটি তিন বছরের বাঘিনীকে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে আনা হয়েছে। আপাতত নিয়ন্ত্রিত পরিবেশে তার স্বাস্থ্য ও আচরণ পর্যবেক্ষণ করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের বন্যপ্রাণ সংরক্ষণে শুরু হল নতুন অধ্যায়। বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে প্রায় তিন বছরের একটি রয়্যাল বেঙ্গল বাঘিনীকে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে আনা হয়েছে। এটি পশ্চিমবঙ্গের প্রথম পরিকল্পিত বাঘ স্থানান্তর বা টাইগার রিলোকেশন প্রকল্প ।

সূত্রের খবর অনুযায়ী, প্রায় ১৫০ কিলোগ্রাম ওজনের বাঘিনীটিকে প্রথমে বিহার থেকে সামরিক পণ্যবাহী বিমানে হাসিমারা বিমানঘাঁটিতে আনা হয়। সেখানে পশুচিকিৎসক এবং বনকর্মীরা তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে বিশেষ প্রাণী-অ্যাম্বুল্যান্সে তাকে বক্সার রাজাভাতখাওয়া এলাকার একটি নিয়ন্ত্রিত ‘সফট এনক্লোজার’-এ নিয়ে যাওয়া হয়। বাঘিনীটির শরীরে জিপিএস-সক্ষম রেডিয়ো কলার বসানো হয়েছে, যার সাহায্যে তার অবস্থান ও আচরণ পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বুধবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ রাজাভাতখাওয়ার গেট অতিক্রম করে বক্সার জঙ্গলে প্রবেশ করে বাঘিনী । গত এক সপ্তাহ প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বাঘিনীর খোঁজে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভের জঙ্গলে তন্ন তন্ন করে ছুটে বেড়িয়েছেন বাঘবন্দি করার কমপক্ষে ৭০ জন সদস্যের একটি দল । শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যা নামার আগে অব্যর্থ লক্ষ্যে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় বন দফতরের পছন্দের বাঘিনীটিকে । তার বয়স আনুমানিক তিন বছর । মঙ্গলবার সন্ধ্যা নামার আগেই শিকারের সময় বাঘিনীকে ‘ডার্ট’ করতে সফল হন ট্র্যাঙ্কুলাইজার বিশেষজ্ঞরা । প্রায় তিন বছর বয়সি ওই বাঘিনীকে ধরার জন্য সোমবার জঙ্গলে টোপ হিসেবে একটি পূর্ণবয়স্ক মোষ রাখা হয়েছিল ।মোষটিকে শিকার করে বাঘিনী সেটিকে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যায় । সেই শিকারের সূত্র ধরেই মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বাঘিনীর নাগাল পান বিশেষজ্ঞ দলের সদস্যরা । শিকার খাওয়ার সময় একবারের চেষ্টাতেই সেটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় । এরপরই বাঘিনীর গলায় পরানো হয় রেডিও কলার । তারপরেই বিহার থেকে বাংলা । এয়ার লিফট করে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে উড়িয়ে আনা হল বাঘিনীকে । বিহারের বাল্মীকির জঙ্গল থেকে তার ঠিকানা এখন বক্সার জঙ্গল ।

এখনও পর্যবেক্ষণাধীন পরিবেশে রাখা হয়েছে এবং সরাসরি উন্মুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। বাঘিনীটিকে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় মানুষের সংস্পর্শ থেকে দূরে রাখা হবে। সিসিটিভি এবং রেডিয়ো কলারের মাধ্যমে তার চলাফেরা, শিকার করার ক্ষমতা ও পরিবেশের সঙ্গে অভিযোজন পর্যবেক্ষণ করবেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষণের ফল সন্তোষজনক হলেই পরবর্তী পর্যায়ে জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে। বন্যপ্রাণ স্থানান্তরের কাজ নির্বিঘ্ন রাখতে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বক্সায় জিপ সাফারি, দিনের ভ্রমণ এবং রাত্রিবাস-সহ পর্যটন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বক্সা টাইগার রিজার্ভের মোট আয়তন ৭৬০.৮৭ বর্গকিলোমিটার। এর মধ্যে ৩৯০.৫৮ বর্গকিলোমিটার মূল বা ক্রিটিক্যাল টাইগার হ্যাবিট্যাট।