উপকূলে অর্ণবের প্রভাব, ঝড়ের দেখা নেই—মুষলধারে বৃষ্টিতে অন্ধকার সুন্দরবন
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোলেও এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলোতে মেঘ ও বৃষ্টির তাণ্ডব চলছে। আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায় অর্ণবের প্রভাব পড়তে শুরু করেছে। সরাসরি ঝড়ের দেখা না মিললেও সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবন। কোথাও কোথাও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দফতরের সতর্কতার পর সুন্দরবন জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। নদীঘাট ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। মৈপীঠ কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকেও নদীঘাট সংলগ্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি ক্যানিং বাসস্ট্যান্ড এলাকাতেও রাত থেকে সকাল পর্যন্ত মাইকিং চালানো হয়েছে।

গঙ্গাসাগর-সহ সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন এলাকায়ও শুরু হয়েছে সতর্কতামূলক প্রচার। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। নিম্নচাপের প্রভাবে নদীপথে দমকা হাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়লে ফেরি পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির উপর প্রশাসনের পক্ষ থেকে লাগাতার নজরদারি চালানো হচ্ছে। মৎস্যজীবী ও নদীপথে যাতায়াতকারীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
