মা উড়ালপুলে যানজটের আগাম বার্তা, বসছে রিয়েল-টাইম ডিসপ্লে
মা উড়ালপুলে যানজট থাকলে আগে থেকেই জানতে পারবেন গাড়ির চালক। পুজোর আগে ভিড় নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ। মাঝেমধ্যেই উড়ালপুলের উপরে গাড়ি খারাপ হয়। দুর্ঘটনার কারণে যানজট তৈরি হয়। উড়ালপুলে গাড়ি ওঠা সাময়িক ভাবে বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে হয়। এই পরিস্থিতি এড়াতে নতুন ব্যবস্থা চালু করল কলকাতা ট্রাফিক পুলিশ।

দিনের ব্যস্ত সময়ে যানজটে মাঝেমধ্যেই থমকে যায় মা উড়ালপুল। তার মধ্যে ওই পথে কোনও গাড়ি খারাপ হলে বিপত্তি আরও বাড়ে। পুজোর আগে এই পরিস্থিতির মোকাবিলার জন্য নতুন কিছু ব্যবস্থা চালু করল কলকাতা ট্রাফিক পুলিশ। উড়ালপুলে যানজট থাকলে তাতে ওঠার আগেই বুঝে যাবেন গাড়িচালকেরা। সেজন্য উড়ালপুলগামী রাস্তায় রাখা থাকবে ‘ডিসপ্লে’।

মাঝেমধ্যেই উড়ালপুলের উপরে হঠাৎ গাড়ি খারাপ হয়। দুর্ঘটনার কারণে যানজট তৈরি হয়। পার্ক সার্কাস থেকে ইএম বাইপাস— দীর্ঘ উড়ালপুল থেকে ওই গাড়ি যত ক্ষণে নামিয়ে আনা হয়, তত ক্ষণে গাড়ির লাইন এতটাই দীর্ঘ হয়ে যায় যে, উড়ালপুলে গাড়ি ওঠা সাময়িক ভাবে বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে হয়। এই পরিস্থিতি এড়াতে উড়ালপুলের মাঝের ডিভাইডার কেটে গাড়ি নামানোর বা রাখার ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি উড়ালপুলের উপর গাড়ি চলাচল বন্ধ থাকলে সেটা উড়ালপুলে ওঠার আগেই রাস্তায় নির্দিষ্ট ডিসপ্লে-তে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে এই ডিসপ্লে ব্যবস্থা শুরু করে দেওয়া হবে বলে লালবাজার সূত্রে খবর।

এখন উড়ালপুলের উপরে তিনটি জায়গায় ডিভাইডার কেটে বিশেষ জায়গা করা হয়েছে, যেখানে বিকল বা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি রাখা যায়। কিন্তু সকালে অফিস বা স্কুল-কলেজের সময় উড়ালপুলের উপর গাড়ি খারাপ হলে সমস্যা বাড়ে। সেজন্য উড়ালপুলের উপরে ডিভাইডার কেটে আরও নতুন তিনটি জায়গা করা হয়েছে, যেখানে বিকল গাড়ি রাখা যাবে।

উড়ালপুল বন্ধ থাকলে অনেক সময়ই জানতে পারেন না চালকেরা। পার্ক সার্কাস বা ইএম বাইপাসের দিক থেকে উড়ালপুলগামী গাড়িগুলি তখন যানজটের মুখে পড়ে। এই পরিস্থিতিতে উড়ালপুলে গাড়ি ওঠা বন্ধ থাকলে আগে থেকে সে বিষয়ে জানিয়ে দেওয়ার জন্য দু’ধরনের ডিসপ্লে ব্যবস্থা করা হচ্ছে। এতে গাড়িচালকেরা আগে থেকেই উড়ালপুলে ট্রাফিকের অবস্থা জানতে পারবেন এবং উড়ালপুল বন্ধ থাকলে কোন রাস্তায় যেতে হবে সেই বিষয়ে আগে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানান এক পুলিশ আধিকারিক।পাশাপাশি অটোমেটিক নম্বর প্লেট রিডিং ক্যামেরাও পরীক্ষামূলক ভাবে মা উড়ালপুলে লাগানোর পরিকল্পনা করা হয়েছে। যাতে কোনও গাড়ি নিয়ম ভাঙলে তার তথ্য পেতে পারে পুলিশ।