পাতে খাবার, নাকি বিপদ?
দক্ষিণ 24 পরগনা:-“পাতে খাবার, নাকি বিপদ? রাত পর্যন্ত চলল অভিযান, হাসপাতাল চত্বরে ফুড সেফটি অভিযানে বন্ধ একাধিক দোকান। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল চত্বর সংলগ্ন এলাকায় খাবারের দোকানগুলিতে আচমকা অভিযান চালাল ডায়মন্ড হারবার পৌরসভার ফুড সেফটি বিভাগ। বিকাল থেকে রাত পর্যন্ত চলল এই অভিযান। হাসপাতালের সামনে এবং আশপাশের এলাকায় থাকা একাধিক খাবারের দোকানে হানা দিয়ে খাবারের গুণমান, পরিচ্ছন্নতা এবং খাবার পরিবেশনের পদ্ধতি খতিয়ে দেখা হয় এদিন । অভিযানে বেশ কিছু দোকানে খাবার তৈরির পরিবেশ ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে অসঙ্গতি ধরা পড়ে বলে অভিযোগ। এরপরই কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য দোকানদারদেরও সতর্ক ও সচেতন করা হয়।

জেলা হাসপাতাল চত্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। প্রতিদিন চিকিৎসার জন্য বহু মানুষ হাসপাতালে আসেন। রোগী এবং তাঁদের পরিজনদের কথা মাথায় রেখে হাসপাতালের আশপাশে খাবারের দোকানগুলিতে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কিন্তু অভিযোগ, হাসপাতাল সংলগ্ন বেশ কিছু দোকানে দীর্ঘদিন ধরেই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছিল। কোথাও খাবার ঢেকে রাখা হচ্ছে না, কোথাও আবার রান্নার জায়গার পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন উঠছিল। এমন অভিযোগ সামনে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পৌরসভার ফুড সেফটি বিভাগ।

অভিযানের সময় দোকানে রাখা বিভিন্ন খাবার খতিয়ে দেখার পাশাপাশি খাবার তৈরির জায়গা, রান্নার সামগ্রী, খাবার সংরক্ষণের পদ্ধতি এবং দোকানের সামগ্রিক পরিচ্ছন্নতা পরীক্ষা করা হয়। খাবার কতটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হচ্ছে, তা নিয়েও নজর দেন আধিকারিকরা। অভিযোগ, কয়েকটি দোকানে এমন কিছু খাবার পরিবেশন করা হচ্ছিল, যেগুলির মান এবং স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন ওঠে।

এরপরই নিয়ম না মানা কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয় বলে জানা যায়। একইসঙ্গে যেসব দোকানে তুলনামূলকভাবে কম সমস্যা পাওয়া গিয়েছে, সেই দোকানগুলির ব্যবসায়ীদেরও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। খাবার ঢেকে রাখা, পরিষ্কার জায়গায় রান্না করা, বাসি বা দীর্ঘক্ষণ রাখা খাবার বিক্রি না করা এবং খাবার তৈরিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয় এদিন ।ফুড সেফটি আধিকারিকদের এই অভিযান ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।

অভিযান চলাকালীন বেশ কয়েকজন দোকানদারকে সতর্ক করা হয়। তাদের জানানো হয়, মানুষের স্বাস্থ্য নিয়ে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। বিশেষ করে হাসপাতালের মতো সংবেদনশীল এলাকার সামনে খাবারের দোকান চালানোর ক্ষেত্রে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।ডায়মন্ড হারবার পৌরসভার ফুড সেফটি অফিসার ডক্টর মুকুলিকা বাগচী জানান, হাসপাতাল চত্বর এবং সংলগ্ন এলাকায় খাবারের দোকানগুলিতে খাবারের মান ও পরিচ্ছন্নতা খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয়েছে।