জরুরি পরিষেবায় গতি আনতে কলকাতা পুলিশের বহরে বৈদ্যুতিক মোটরবাইক
কলকাতা, ১৯ সেপ্টেম্বর ২০২৬: শহরের জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত এবং পরিবেশকে দূষণ মুক্ত করতে কলকাতা পুলিশের বহরে যুক্ত হয়েছে একদল বৈদ্যুতিক মোটরবাইক। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে নতুন বাইকগুলির উদ্বোধন করা হয়েছে ।

সূত্রের খবর অনুযায়ী জানা যায় , কলকাতা পুলিশ ১৮৩টি বৈদ্যুতিক মোটরবাইক বহরে নিয়েছে। এদিন পুলিশ কমিশনার অজয় নন্দ নতুন যানগুলির শুভ সূচনা করেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পি বি সেলিম উপস্থিত ছিলেন। সংস্থাটির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা CSR কর্মসূচির অর্থে বাইকগুলি সংগ্রহ করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
নতুন মোটরবাইকগুলি মূলত ডায়াল ১১২ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থায় কাজে লাগানো হবে। কলকাতার সরু গলি ও যানজটপূর্ণ এলাকায় চার চাকার গাড়ির তুলনায় মোটরবাইকে দ্রুত পৌঁছনো সম্ভব। ফলে বিপদে পড়া নাগরিকের কাছে পুলিশের পৌঁছতে প্রয়োজনীয় সময় কমতে পারে। পেট্রলচালিত বাইকের পরিবর্তে বৈদ্যুতিক যান ব্যবহারে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের পাশাপাশি বায়ু ও শব্দদূষণও কমার সম্ভাবনা রয়েছে।
পুলিশ কমিশনার জানিয়েছেন, কলকাতা পুলিশের বহরকে ধাপে ধাপে পরিবেশবান্ধব করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আগামী দিনে আরও বৈদ্যুতিক চার চাকার গাড়ি যুক্ত হতে পারে। এর আগে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রাজ্যের বিভিন্ন পুলিশ ইউনিটকে ১,৪৫০টি ই-বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছিল বলেও জানা যায়। তবে এদিন উদ্বোধন হওয়া মোট বৈদ্যুতিক বাইকের সংখ্যা এখনও সঠিক জানা যায়নি।