খড়কুটোর মতো উড়ে গেল শ্রীলঙ্কা, রেকর্ড রানে জয় ভারতের মেয়েদের
খড়কুটোর মতো উড়ে গেল শ্রীলঙ্কা, রেকর্ড রানে জিতে সোনা দখলে রাখল ভারতের মেয়েরা। এশিয়া কাপের পর এশিয়ান গেমসের ফাইনাল। ভারতীয় মহিলা দলের সামনে আরও একবার খড়কুটোর মতো উড়ে গেল শ্রীলঙ্কা। স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, রিচা ঘোষদের করা পাহাড় প্রমাণ স্কোরের সামনে অসহায় আত্মসর্পণ করল দ্বীপ রাষ্ট্র।

প্রথমে ব্যাট করে ভারতীয় মহিলা দলে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান করে। জবাবে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় মাত্র ৬৯ রানে। ১৪৭ রানের রেকর্ড ব্যবধানে জিতে এশিয়ান গেমসে পরপর দুবার সোনা জিতল টিম ইন্ডিয়া। এশিয়ান গেমস ২০২৬-এর মহিলাদের টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা জিতেছে ভারত। চলতি এশিয়ান গেমসে এটিই ভারতের প্রথম স্বর্ণপদক।
এই জয়ের সাথে সাথে ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমসে নিজেদের খেতাব ধরে রাখতে সফল হলো। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে রেকর্ড ২১৬ রান তোলে হারমনপ্রীত কৌরের দল।ওপেনার স্মৃতি মন্ধনা ৪৫ বলে সর্বোচ্চ ৭৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া উইকেটকিপার রিচা ঘোষ মাত্র ২২ বলে অপরাজিত ৪৯ রান এবং শেফালি বর্মা কুইক-ফায়ার ৪৮ রান করে ভারতকে বিশাল স্কোরে পৌঁছে দেন।
২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ। ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানেই অল-আউট হয়ে যায় তারা। শ্রীলঙ্কার পক্ষে অধিনায়ক চামারি আথাপাত্তু সর্বোচ্চ ২৯ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে অফ-স্পিনার দীপ্তি শর্মা মাত্র ৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া শ্রী চারণি, শেফালি বর্মা এবং শ্রেয়াঙ্কা পাতিল ২টি করে উইকেট নেন।এই ঐতিহাসিক জয়ের ফলে টি-২০ ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ডও গড়েছে ভারতের মেয়েরা ।