SRFTI-কাণ্ডের পর ক্যাম্পাসে পুলিশি নজরদারি, FIR-এর সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা নীরব প্রতিবাদ করেছেন। FIR-এর সংখ্যা সঠিক জানা যায়নি । সূত্রের খনর অনুযায়ী চারটি মামলা দায়েরের কথা বলা হয়েছে।

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা SRFTI-তে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসের ভিতরে নীরব প্রতিবাদ করেন।

ঘটনার সূত্রপাত রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬-এ। অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত বা ABGP ইনস্টিটিউটের অডিটোরিয়ামে একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করেছিল। অনুষ্ঠান এবং ক্যাম্পাসে টাঙানো ব্যানার নিয়ে আপত্তির পর শিক্ষার্থী ও আয়োজকদের মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয় ।

দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। শিক্ষার্থী সংগঠনের দাবি, বহিরাগতরা শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের মারধর করেন এবং ক্যাম্পাসে ইট-পাথর ছোড়া হয়। অন্যদিকে ABGP-এর দাবি, তাদের অনুষ্ঠান ব্যাহত করা হয় এবং পোস্টার ছেঁড়া ও সদস্যদের মারধর করা হয়। অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তাধীন; কোনও পক্ষের বক্তব্যকেই এই পর্যায়ে প্রমাণিত ঘটনা হিসেবে মানা হয়নি । সঠিক তদন্তের পর সম্পূর্ণ ঘটনাটি সঠিকভাবে জানা যাবে। মামলার চূড়ান্ত সংখ্যা এবং তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে কলকাতা পুলিশের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া না পর্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। নতুন করে জাতে কোনও অশান্তি সৃষ্টি না হয় তাই ক্যাম্পাসে পুলিশি নজরদারি জারি করা হয়েছে।