পুজোর আগে কলকাতায় রাতভর রাস্তা মেরামত
পুজো আসছে। পুজোয় সেজে উঠবে পশ্চিমবঙ্গ সহ গোটা কলকাতা। কিন্তু তার আগে রাজ্যের একাধিক জায়গায় বেহাল অবস্থা রাস্তার। কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জায়গায় রাস্তায় কোথাও উঠে গিয়েছে পিচ, কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে রাস্তায়।

প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। আর এরই মধ্যে বেশ কিছু রাস্তায় শুরু হয়ে গিয়েছে মেরামতির কাজও। দুর্গাপুজোর আগে শহরের ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে রাতের অভিযান শুরু করেছে কলকাতা পুরসভা।

গত কয়েকদিন ধরে যেভাবে টানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জেরে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে শহর ও শহরতলির রাস্তা। ইএম বাইপাসের চিংড়িঘাটা সংলগ্ন অংশ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, নেতাজি সুভাষ রোড, ফেয়ারলি প্লেস ও রাইটার্স বিল্ডিং সংলগ্ন এলাকায় কাজ শুরু হয়েছে।

পুরসভার লক্ষ্য মহালয়ার মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলির কাজ শেষ করা। তবে বৃষ্টি হলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা কঠিন হতে পারে।