পুজোয় বড়পর্দায় দেব–শুভশ্রী, ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘DeSu7’
পুজোয় বাংলা সিনেমার দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দীর্ঘ বিরতির পর নতুন ছবিতে জুটি বেঁধেছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের প্রযোজনা ও পরিচালনায় নির্মিত নতুন অ্যাকশন-রোমান্টিক চলচ্চিত্র ‘দেশু ৭’-এর ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজার। অ্যাকশন, রোম্যান্স ও আবেগের মিশেলে তৈরি ‘DeSu7’ আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

প্রকাশিত টিজারে রোমান্স ও অ্যাকশনের সমন্বয়ে দীর্ঘ সাত বছরের দূরত্ব পেরিয়ে দুই চরিত্রের পুনর্মিলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এতে লাদাখের পাহাড়ি পরিবেশ ও নদীর তীরের মনোরম দৃশ্যের পাশাপাশি দেবের মারমুখী অ্যাকশন অবতার দেখানো হয়েছে। টিজারের শেষাংশে দেব ও শুভশ্রীর আবেগঘন সংলাপ পুরোনো দিনের রসায়নকে নতুন করে সামনে এনেছে। এছাড়া টিজারের অন্যতম বড় চমক হিসেবে ভিন্ন লুকে ভিলেন চরিত্রে দেখা গেছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।

সিনেমার গল্পের সঙ্গে দেব ও শুভশ্রীর বাস্তব জীবনের দূরত্বের বিষয়টিও দর্শকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় তাদের একসঙ্গে কাজের সূত্রপাত হয়। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’ ও ‘খোকাবাবু’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দেন তারা। ২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পর তাদের সম্পর্কের ইতি ঘটে। পরবর্তীতে ২০১৫ সালে ‘ধূমকেতু’ সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করলেও নানা জটিলতা কাটিয়ে সিনেমাটি দীর্ঘ এক দশক পর ২০২৫ সালের ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

‘DeSu7’-এর মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করছেন দেব। ছবির গল্প ও পরিচালনার দায়িত্ব পালনের পাশাপাশি মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও পার্থসারথি চক্রবর্তীকে।

বর্তমানে ব্যক্তিগত জীবনে শুভশ্রী নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবন যাপন করছেন এবং দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন। দীর্ঘ বিরতি ও ব্যক্তিগত দূরত্বের পর রূপালি পর্দায় এই জুটির নতুন কাজ ‘দেশু ৭’ ঘিরে সিনেমাভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এখন অপেক্ষা ছবির প্রেক্ষাগৃহে মুক্তির ।