অন্নপূর্ণা যোজনায় বড় ঘোষণা, এবার মাসে ৩ হাজার টাকা পাবেন প্রাণীমিত্রারাও
কলকাতা, ১৯ সেপ্টেম্বর ২০২৬: অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের পরিধি বাড়ানোর ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্যের প্রাণীমিত্রা কর্মীরাও এই প্রকল্পের আওতায় মাসিক ৩ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। ১৭ সেপ্টেম্বর বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে আয়োজিত ‘অন্নপূর্ণা দিবস’-এর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছেন ।

প্রাণীমিত্রারা মূলত গ্রামীণ এলাকায় গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, টিকাকরণ এবং পশুপালকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কাজ করেন। তাঁদের মাসিক আয় ১০ হাজার টাকার কম হওয়ায় অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একই অনুষ্ঠানে আশা ও আইসিডিএস কর্মীদের আর্থিক সুবিধা সম্পর্কেও সরকারের অবস্থান তুলে ধরা হয়।

ইতিমধ্যে সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা প্রদান করা শুরু হয়েছে । সেপ্টেম্বর মাসে প্রায় ১ কোটি ৫৮ লক্ষের বেশি যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা শেষ হলে তাঁদের অ্যাকাউন্টেও অর্থ পাঠানো হবে বলে জানানো হয়েছে।
অন্নপূর্ণা যোজনার অর্থ সরাসরি DBT ব্যবস্থায় আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। পরিচয়পত্র ও ব্যাঙ্কের তথ্যে গরমিল, অসম্পূর্ণ যাচাই কিংবা আধার-DBT সংযোগের সমস্যা থাকলে টাকা পেতে দেরি হতে পারে। তাই টাকা না এলে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের DBT স্ট্যাটাস এবং আধারের সঙ্গে সংযোগ পরীক্ষা করা প্রয়োজন।